নোটবুক হাতে বাড়ি বাড়ি বিধায়ক
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর, ১২ মে: ভোট মিটেছে। ফলও প্রকাশিত। আর সেই ফলেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে ৩৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন ড. শঙ্কর কুমার গুছাইত। কিন্তু জয়ের উচ্ছ্বাসে থেমে না থেকে ভোটের পর থেকেই একেবারে অন্য ভূমিকায় দেখা যাচ্ছে নবনির্বাচিত বিধায়ককে। হাতে একটি নোটবুক নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন বাড়ি বাড়ি। শুনছেন মানুষের সমস্যা, লিখে রাখছেন অভিযোগ, চাহিদা ও আবদারের খতিয়ান।
এলাকার বাসিন্দাদের একাংশের কথায়, নির্বাচনের পরে এ ভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার ঘটনা মেদিনীপুরে আগে খুব একটা দেখা যায়নি। তাই বিধায়কের এই উদ্যোগ ঘিরে এলাকায় তৈরি হয়েছে আলাদা আগ্রহ। কোথাও আবাস যোজনার দাবি, কোথাও পানীয় জলের সমস্যা। আবার কোথাও দীর্ঘদিনের খারাপ রাস্তা কিংবা শৌচাগারের অভাবের কথা তুলে ধরছেন বাসিন্দারা। সবই মন
দিয়ে শুনছেন বিধায়ক। পরে তা নোটবুকে টুকে রাখছেন নিজেই। ভোট প্রচারের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ের পরেও মানুষের পাশে থাকবেন। ভোট শেষহওয়ার পর সেই প্রতিশ্রুতিই কার্যত পালন করতে দেখা যাচ্ছে তাঁকে। স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধির এই সরাসরি যোগাযোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াচ্ছে।
ড. গুছাইত বলেন, “মানুষ যে ভরসা করে আমাকে নির্বাচিত করেছেন, সেই দায়িত্ব পালন করাই এখনপ্রধান কাজ। এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনছি। যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলেসমস্যার সমাধানের চেষ্টা করব।”বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকার বহু মানুষ। তাঁদের আশা, শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তব সমস্যারও সমাধান হবে।