Obiroto - খবর চলতেই থাকে
Obiroto

খবর চলতেই থাকে

Home দেশ রাজ্য বিদেশ বিনোদন খেলাধুলা শরীর স্বাস্থ্য টেক ফিচার গল্প
তীব্র গরমে মাথাব্যথা, সিদ্ধান্তহীনতা— বাড়ছে ‘ব্রেন ফগ’, চিন্তায় চিকিৎসকেরা
19 May, 2026 1 মিনিট

তীব্র গরমে মাথাব্যথা, সিদ্ধান্তহীনতা— বাড়ছে ‘ব্রেন ফগ’, চিন্তায় চিকিৎসকেরা

অঙ্কিতা দত্ত

প্রচণ্ড গরমে নাজেহাল জনজীবন। তারই মধ্যে বাড়ছে মাথাব্যথা, ক্লান্তি, মনঃসংযোগের অভাব এবং
সিদ্ধান্তহীনতার মতো সমস্যা। চিকিৎসকদের একাংশের দাবি, গত বছরের তুলনায় এ ধরনের উপসর্গ নিয়ে
হাসপাতালে বা চেম্বারে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বিশেষ করে ‘ব্রেন ফগ’ বা মানসিক
ঝাপসাভাব এখন অনেকের কাছেই বড় সমস্যা হয়ে উঠছে।
চিকিৎসকদের মতে, অতিরিক্ত গরমে শরীরে জলের ঘাটতি তৈরি হলে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়।
তার প্রভাব পড়ে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের উপরেও। ফলে মাথাব্যথা, ভুলে যাওয়া, মনোযোগ কমে যাওয়া
কিংবা দ্রুত সিদ্ধান্ত নিতে না পারার মতো উপসর্গ দেখা দিতে পারে। দীর্ঘ সময় রোদে থাকলে পরিস্থিতি
আরও জটিল হওয়ার আশঙ্কা থাকে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, এই ধরনের সমস্যার প্রভাব কর্মক্ষেত্রেও পড়ছে। কাজের গতি
কমে যাওয়া, ছোটখাটো ভুল বেড়ে যাওয়া বা মানসিক ক্লান্তির কারণে উৎপাদনশীলতা কমছে বলেও মত
তাঁদের। উচ্চ তাপমাত্রার কারণে মস্তিষ্কের কার্যকারিতায় সাময়িক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক
করছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞেরা। এর জেরে রাস্তাঘাটে অসাবধানতা বা দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে বলে মত
চিকিৎসকদের।
এই পরিস্থিতিতে দুপুরের প্রখর রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বিশেষ করে দুপুর ১২টা
থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর কথা বলা হচ্ছে। শরীরে জলের ভারসাম্য বজায়
রাখতে ওআরএস, ডাবের জল বা অন্যান্য প্রাকৃতিক পানীয় খাওয়ার উপর জোর দিচ্ছেন তাঁরা।
চিকিৎসকদের মতে, শুধুমাত্র পেইনকিলার খেয়ে সাময়িক স্বস্তি খোঁজার বদলে খাদ্যাভ্যাসেও পরিবর্তন
আনা প্রয়োজন। পুষ্টিবিদদের পরামর্শ, গরমের সময়ে দই, ফল, পর্যাপ্ত জল এবং পুষ্টিকর শস্যজাত খাবার
শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। মাথাব্যথার সঙ্গে বমিভাব, ঝাপসা দেখা বা অতিরিক্ত
দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে।

ফেসবুকে শেয়ার করুন টুইটারে শেয়ার করুন

সম্পর্কিত খবর